ভোক্তা পর্যায়ে আবারও দাম বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারে ৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮২ টাকা। এ নিয়ে টানা ৮ মাস এলপিজির দাম বাড়ানো হলো।
রোববার (৩ মার্চ) নতুন দাম নির্ধারণ করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। গত ২ জানুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।
একইসঙ্গে রোববার অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৮ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ৬৭ টাকা ৬৮ পয়সা।
