ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে দিনদুপুরে স্বর্ণের দোকানের তালা কেটে মালামাল লুটপাটের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:
নভেম্বর ১২, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
link Copied

সকাল তখন ১০টা ২৪ মিনিট ১১ সেকেন্ড। গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ গলির এক বন্ধ স্বর্ণের দোকানের সামনে দাঁড়িয়ে আছেন এক নারী। কয়েক সেকেন্ড পর দুই যুবক দোকানের সাইনবোর্ড টেনে নামাচ্ছেন।
এর পরের আধঘণ্টার মধ্যে দোকানের তালা কেটে মালামাল লুট করতে দেখা গেছে।

১০টা ২৯ মিনিটে মাস্ক পরা কয়েকজন যুবকের সঙ্গে কথা বলেন ওই নারী। ১০টা ৩১ মিনিটে পাশের দোকান থেকে গ্রাইন্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে নির্দেশ দেন তিনি। ১০টা ৩২ মিনিটে কয়েকজন যুবক মেশিনে সংযোগ দিয়ে তালা কাটতে শুরু করে।
মাত্র ৮ মিনিটের মধ্যে দোকানের সব তালা কেটে ফেলা হয়।

১০টা ৪২ মিনিটে তাঁর ইশারায় ৬ জন যুবক দোকানের লোহার শাটার তোলে। ১০টা ৪৭ মিনিটে মোবাইলে কথা বলেন তিনি। এক মিনিট পর কাগজ হাতে নিয়ে আবার মোবাইলের সামনে কিছু বলতে দেখা যায় তাঁকে। যারা আগে তালা কাটছিলেন, তারাই এবার ওই নারীর সামনে দাঁড়িয়ে ভিডিও ধারণ করেন।

১০টা ৫০ মিনিট ২২ সেকেন্ডে দোকানের দুটি শাটার খোলা হয়। ১০টা ৫২ মিনিটে মাস্ক পরা এক ব্যক্তি এসে নির্দেশ দেন দোকানের মালামাল বাইরে আনতে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে দোকানের ভেতরের মালামাল বের করে আনেন ওই নারী ও সহযোগীরা।

১০ টা ৫৩ মিনিট ৪ সেকেন্ডে গোলাপি টি শার্ট পরিহিত এক ব্যক্তি একটি শপিং ব্যাগে কিছু একটা দিয়ে যায়। ১০টা ৫৪ মিনিটে দোকানে প্রবেশ করে ৭–৮ জন। কয়েক মিনিটের ব্যবধানে ভেতরের সিন্দুক ও স্বর্ণালংকার বাইরে আনা হয়।
১১টা ১২ মিনিট ২৫ সেকেন্ডে দোকানের সামনে ‘সুব্রত চন্দ্র দাস’ নামের ব্যানার সাঁটা হয়।

ভুক্তভোগী রিতা জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ দাস বলেন, ‘দোকানটি বন্ধ ছিল। আমি বিশেষ প্রয়োজনে আদালতে গিয়েছিলাম। পরে এসে দেখি আমার দোকানে থাকা ১৩০ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। নগদ টাকা ছিল পাঁচ লাখ । সর্বমোট আমার দুই কোটি ৪৫ লাখ টাকা সমপরিমাণ ক্ষতি হয়। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ওসি স্যার মামলা নেবেন বলে আশ্বস্ত করেছেন।

সিসিটিভিতে দেখা ওই নারী প্রয়াত আওয়ামী লীগ নেতা মোশাররফ সরকারের দ্বিতীয় স্ত্রী পায়েল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তাদেরকে ব্যবহার করে পায়েল দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দখলবাজি ও লুটপাটে যুক্ত।

স্থানীয় ব্যবসায়ী জসীমউদ্দিন জানান, ‘ওরা দলবল নিয়ে হঠাৎ দোকানের তালা কেটে ভেতরে ঢুকে পড়ে। ভয় পেয়ে আশপাশের সবাই দোকান বন্ধ করে দেয়। এভাবে দিনের আলোয় লুট হবে, ভাবিনি। এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি ।

আরেকজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আব্দুল খালেক জানান, আমি এসে দেখি তারা অনেকেই দোকানের ভেতরে রয়েছে। অনেক দলবল নিয়ে এসে তারা প্রকাশ্যে দোকানের মালামাল বের করেছে। আমরা সবাই আতঙ্কিত ছিলাম তখন।

দীর্ঘদিন যাবত ভোগদখলে থাকা হেলাল উদ্দিন বলেন, ‘জমিটি আমি ২০১২ সালে কিনে গৌরাঙ্গ দাসকে দোকান করে ভাড়া দিয়েছিলাম। পরে একই মালিকের ছেলের কাছ থেকে সুব্রত দাস ২০২১ সালে এটি ক্রয় করে। মামলাটি আদালতে চলছে। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও পায়েল ও সুব্রতর নেতৃত্বে দোকান ভেঙে লুটপাট করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি ওসির সাথে কথা বলেছি। তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা প্রশাসনের কাছে লুট হওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তদের বিচারের দাবি জানাচ্ছি’।

এ বিষয়ে অভিযুক্ত পায়েল সরকার বলেন, সেখানে আমিসহ আরও হাজার হাজার মানুষ ছিলেন, আমার নেতৃত্বে লুটপাটের বিষয়টি মিথ্যা। যার জমি তার নেতৃত্বেই হয়েছে।

এভাবে তালা কেটে আরেকজনের মালামাল লুট করার সুযোগ আছে কি-না ? জানতে চাইলে অভিযুক্ত সুব্রত চন্দ্র দাস বলেন, আপনি সামনাসামনি আসুন, কাগজপত্র দেখুন। মুঠোফোনে কোনো বক্তব্য দিবো না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন। জমিটিতে আদালতের নিষেধাজ্ঞা ছিল। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং একজন উপপরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।