ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

তোমার অজুহাত, তোমার ছলাকলা-আলমগীর খান

গাজীপুর প্রতিনিধি:
নভেম্বর ১৩, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
link Copied

ভূমিকা

[মানুষের সম্পর্ক, বিশ্বাস, ও প্রতারণার সূক্ষ্ম রেখাগুলো কখনো কখনো কবিতার ভাষায়ই ধরা পড়ে।
“তোমার অজুহাত, তোমার ছলাকলা” কবিতায় কবি আলমগীর খান তুলে ধরেছেন এক সম্পর্কের অবসান, এক বিশ্বাসের ভাঙন, এবং তবু হৃদয়ের নিঃশব্দ সহিষ্ণুতা।

এই কবিতায় প্রেম শুধু আবেগ নয়— এটি আত্মস্বীকৃতির এক দীর্ঘশ্বাস, যেখানে প্রাপ্তির চেয়ে বিসর্জনের মাহাত্ম্যই গভীরতর।
প্রেমিকা নয়, কবি যেন নিজেকেই বোঝাতে চেয়েছেন— যে ভালোবাসার পবিত্রতা কখনোই ছলনার কাছে পরাজিত হয় না।

ছন্দহীন অথচ সুরময় এই কবিতা পাঠককে নিয়ে যায় এক নিঃশব্দ অথচ গভীর বেদনাময় জগতে—
যেখানে “বিশ্বাস” একদিকে প্রতারণার ছায়া, আবার অন্যদিকে তা-ই হয় আত্মমুক্তির আশ্রয়।

ভালোবাসার অবসানেও সৌন্দর্য থাকে-
সে সৌন্দর্যই এই কবিতার হৃদয়।

-শাহান সাহাবুদ্দিন ]

কবিতা

আজকের পূব আকাশের উদিত সূর্যের সঙ্গে
তুমি উঠেছিলে আমার সাথে—
তোমার মুষ্টিবদ্ধ হাতের রক্ত-গোলাপ গ্রহণ করব বলে
বড় ইচ্ছে ছিল মনে।

নিয়তির নির্মম পরিহাসে আজ তুমি
অন্য কারো হাতে গোলাপ দেবে বলে,
আমায় কেন ডাকলে!

তোমার স্ববিরোধী ভাবনা সত্যিই তোমাকে বদলে দিয়েছে,
আর তোমাকে নিয়ে গেছে তোমারই গন্তব্যে।
এদিকে কী বোকা আমি—
অকাতরে বিরামহীন ভাবনায় বেলা কাটিয়ে দিলাম তোমার জন্য,
যা ছিল আমার জন্য এক ভুল ঠিকানা!

দিনশেষে তোমার প্রাপ্তি-পাওনা তোমাকেই আন্দোলিত করেছে;
তোমার অজুহাতের ছলাকলা আমাকে স্পর্শ করতে পারেনি—
আমার বিশ্বাস ছিল তীক্ষ্ণ এবং কঠোর।

তোমার ভোরের হাতছানি আমার সাথে ছলনা করতে পারে না—
বিশ্বাস বলে কথা!
আসলে স্বচ্ছতার বস্ত্রের আড়ালে
কি নিদারুণ অন্ধকারের খেলা,
যা কল্পনাকেও হার মানায়।

আমি তোমাকে দায়ী কিংবা দোষী করিনি।
তোমার পথ চলাটাই সঠিক,
আমার জানাটুকুই ছিল ভুল।
ভুলের ঊর্ধ্বে কেউ নয়—
আমিও ভুলে ভরা মানুষ।

বিশ্বাস আমার সাথে খেলা করে প্রতিবারই…
তবু হজম করার শক্তিটাও কী দারুণ আমার!

দিনশেষে সিক্ত আর রিক্ত মনে
দু’কথা লিখে দিলাম তোমায়।

আমার অগোছালো কথায়
কোনো প্রকার কষ্ট কিংবা যাতনা নিও না।

যে ফুল ভুল করে অন্যের হাতে তুলে দেওয়া হয়,
তাতে ফুলের প্রাপ্তি পাওয়া যায় না।

তোমার চলার ব্যস্ততার ভিড়ে খানিকটা সময় করে
অযাচিত মানুষটার নামটুকু কেটে দিও তোমার জীবন থেকে—
দেখবে, শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে
পৃথিবীর শেষবেলা অব্দি।