রক্তাক্ত একুশ
তুমি নিত্য উদিত,
স্মৃতি বিজড়িত
রক্তিম সূর্য।
রক্তাক্ত একুশ
তুমি রক্ত জবা আর
শিমুল,পলাশে ঢাকা
রক্তিম বেদী।
রক্তাক্ত একুশ
তুমি “রাষ্ট্রভাষা বাংলা চাই”
প্লের্কাড হাতে
বাঙালি দামাল ছেলের
ভাষা সংগ্রাম।
রক্তাক্ত একুশ
তুমি মায়ের কোলে
ছোট্ট শিশুর
অ, আ ,ক ,খ শেখা।
রক্তাক্ত একুশ
তুমি শোকের ছায়ায়
আবৃত বাঙালির
নীরব প্রার্থনা।
রক্তাক্ত একুশ
তুমি হায়েনার মুখ
থেকে ছিনিয়ে আনা
এক অমূল্য সম্পদ।
রক্তাক্ত একুশ
তুমি আত্মচেতনা সমৃদ্ধ
জাতীয় জাগরনের
ঊন্মেষ মুহূর্ত।
রক্তাক্ত একুশ
তুমি বাঙালির
গৌরবময় ঐতিহ্য
বুকভরা গর্ব আর অহংকার।
রক্তাক্ত একুশ
তুমি ভাষা শহীদদের
স্মৃতিচারণ
এক যন্ত্রণাময় ইতিহাস।
রক্তাক্ত একুশ
তুমি ছেলেহারা মায়ের,
ভাইহারা বোনের,
এক করুণ দীর্ঘশ্বাস।
রক্তাক্ত একুশ
তুমি মাতৃভাষাকে স্বমর্যাদায় বসানোর শুধু এক বিচ্ছিন্ন সংগ্রাম নও;
তুমি শোষকের বিরুদ্ধে
শোষিতের,
তুমি অন্যায়ের বিরুদ্ধে
ন্যায়ের,
তুমি সংকীর্ণতার বিরুদ্ধে
উদারতার,
তুমি খন্ডিত অধিকারের বিরুদ্ধে
সামগ্রিক অধিকারের,
তুমি সকল অসুন্দরের বিরুদ্ধে
অনিন্দ্য সুন্দরের
এক চিরন্তন সংগ্রামের স্মারক।
রক্তাক্ত একুশ
তুমি অম্লান , তুমি অমর, তুমি অক্ষয়,
তুমি বাঙালির শ্বাশত প্রেরণার প্রতীক।
রক্তাক্ত একুশ
তুমি-ই স্বাধীনতা।
@Al Sadi
