অবরুদ্ধ গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা ১৭ হাজার ১৭৭ এবং আহতের সংখ্যা ৪৬ হাজারেরও বেশি।
মন্ত্রণালয়টি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়ই ৩৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, দক্ষিণ গাজার হাসপাতালগুলোতে রোগীদের আর স্থান হচ্ছে না।
তিনি বলেন, খাবার ও ওষুধের অভাবে আশ্রয় গ্রহণকারীদের স্বাস্থ্যগত অবস্থা খুবই করুণ। অস্থায়ী আশ্রয়শিবিরের বাসিন্দারা অনাহারে দিন পার করছে।
এ সময় তিনি বলেন, ‘আমরা রেড ক্রস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি, মেডিক্যাল টিমের যে সদস্যদের ইসরাইল আটক করেছে তাদের ব্যাপারে তদন্ত করুন এবং অতি দ্রুত তাদের ছাড়ানোর ব্যাপারে পদক্ষেপ নিন।’
