ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ আজ

নিত্যবেলা প্রতিবেদক
জুন ৯, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ণ
link Copied

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তার শপথ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের অনেকে এরই মধ্যে দিল্লি পৌঁছেছেন।

নরেন্দ্র মোদিকে এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল রাষ্ট্রপতি ভবনের এক প্রজ্ঞাপনে বলা হয়, ভারতের সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, রাষ্ট্রপতি ভবনে আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের দফতর ও গোপনীয়তার শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

শপথ অনুষ্ঠান উপলক্ষে নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাঁচ কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ান ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডো, ড্রোন ও স্নাইপার নিয়ে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি ভবনে। এছাড়া শপথ অনুষ্ঠান চলাকালীন দিল্লিকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। বিদেশী অতিথিদের নিরাপত্তা বাড়াতে বিশেষ প্রটোকল থাকছে দিল্লির বিলাসবহুল হোটেলগুলোয়। শপথ অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় আট হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে লোকসভার বিরোধীদলীয় নেতার আসনে বসতে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল এ পদে রাহুলের নাম অনুমোদন করে কংগ্রেসের সর্বোচ্চ নির্বাহী ফোরাম কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি)। লোকসভায় আগের দুই মেয়াদে বিরোধীদলীয় নেতা ছিল না। রাহুল এ দায়িত্ব নিলে এক দশক পর বিরোধীদলীয় নেতা পাবে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ।

এবারের নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি ও নিজের কেন্দ্র কেরালার ওয়ানাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রাহুল গান্ধী। উভয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হন কংগ্রেসের সাবেক এ সভাপতি।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জিতেছে ২৯৩টি। ২৩২ আসন পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২ আসন। এনডিএ জোটগতভাবে এর চেয়ে বেশি আসন পেলেও এবার দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি। তারা দল হিসেবে পেয়েছে ২৪০ আসন। ফলে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর আসনে বসতে এবার জোটের শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদিকে।