ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ও সমমনাদের অবরোধ কর্মসূচি শুরু

নিত্যবেলা প্রতিবেদক
ডিসেম্বর ৩, ২০২৩ ৬:১০ পূর্বাহ্ণ
link Copied

ছবি: নিত্যবেলা – হোতাপাড়া,গাজীপুর।

দেশজুড়ে নবম দফায় বিএনপি ও সমমনাদের অবরোধ শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার এই অবরোধ আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়, যা চলবে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

সরকারের পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সকল সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন। আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

রিজভী বলেন, ‘সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা, মামলা ও নির্যাতন অব্যাহত রেখেছে। তবুও নেতাকর্মীরা জীবনবাজি রেখে দৃঢ়তার সঙ্গে রাজপথে থেকে সর্বাত্মকভাবে কর্মসূচি সফল করছেন।’

গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দিলে তারা এই সরকারের পদত্যাগের একদফাসহ মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। সমমনা জোটগুলোও এই কর্মসূচির যুগপৎভাবে পালন করেছে। এরপর থেকে পর্যায়ক্রমে তারা প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার-শনিবার ছুটির দুদিন বিরতি দিয়ে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি করে যাচ্ছে। এই পর্যন্ত তারা অষ্টম দফায় অবরোধের কর্মসূচি পালন করেছে।