ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে আবার বাড়ল সোনার দাম

নিত্যবেলা প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ
link Copied

ঈদুল ফিতরের আগে আবার বাড়ল সোনার দাম। এক দিনের ব্যবধানে ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। সোনার নতুন এ দাম বাংলাদেশের বাজারে সর্বোচ্চ।

আজ সোমবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে।

এর আগে গত শনিবার (৬ এপ্রিল) সোনার দাম বাড়িয়েছিল সংগঠনটি। বাজুসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি গ্রাম সোনায় ১৫০ টাকা বাড়িয়ে ৯৯৩০ টাকা নির্ধারণ করা হয়। যা এত দিন ৯৭৮০ টাকায় বিক্রি হয়ে আসছিল। সে হিসাবে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। যা এতদিন এক লাখ ১৪ হাজার ৭৩ টাকা বিক্রি হয়ে আসছিল। সে হিসেবে ভরিপ্রতি দাম বাড়ল ১ হাজার ৭৫১ টাকা।

শনিবারের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার (৭ এপ্রিল) থেকে কার্যকর হবে।

সোনার দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ মার্চ) দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৪ হাজার ৭৩ টাকা।