ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়া

নামাজের সময় বাইরে থেকে তালা দিয়ে মসজিদে আগুন, নিহত ১১

নিত্যবেলা প্রতিবেদক
মে ১৮, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ
link Copied

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মসজিদে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ১১ মুসল্লি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। দেশটির কানো প্রদেশের একটি মসজিদে নামাজ চালাকালীন সময়ে দরজায় তালা আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে হতাহতের এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় ফজরের নামাজ আদায়ের জন্য প্রায় ৪০ জন মুসল্লি মসজিদে জড়ো হয়েছিলেন। উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হামলা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ৩৮ বছর বয়সী সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাসিন্দারা বলেছেন, হামলার পর মসজিদে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এসময় মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায় এবং তারা ভেতর থেকেই তালাবদ্ধ দরজা খুলতে চেষ্টা করেন। এ সময় বিস্ফোরণের শব্দ শুনে আটকে পড়াদের সাহায্য করতে ছুটে আসেন প্রতিবেশিরা।

পুলিশ জানিয়েছে, হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কানো শহরে বোমা বিশেষজ্ঞসহ উদ্ধারকারী দলগুলোকে মোতায়েন করা হয়। তবে মসজিদে হামলায় বোমা ব্যবহার করা হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

কানো ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরপরই তাদের ডাকা হয়নি, আরও আগে জানানো হলে তারা আরও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন। কানো ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ বিবিসিকে বলেছেন, স্থানীয়রা আগুন নেভানোর পরেই তাদের জানানো হয়েছিল।

পুলিশ বলেছে, সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের অংশ হিসেবে এই ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছে সন্দেহভাজন ব্যক্তি। ওই ব্যক্তির দাবি, সে মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালায়।