ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদল নেতা দিদারুল ইসলাম দিদারসহ তিনজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। পুলিশের দাবী, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ জুন) রাত আড়াইটার দিকে ফুলপুর পৌরসভার চর কাজিয়াকান্দা গ্রামের পুরাতন ডাক বাংলোর পিছনে জনৈক দেবল সরকারের ভাড়া দেওয়া বাসায় অভিযান পরিচালনা করে ১৮টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়। তবে পরিবারের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে দিদারকে রাস্তা থেকে তুলে এনে গ্রেফতার দেখানো হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে এবং ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
তবে পুলিশের অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, অভিযুক্তদের মধ্যে একজন ছাত্রদল নেতা হওয়ায় তাকে রাজনৈতিক কারণে গ্রেফতার দেখানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপ-পরিদর্শক (এসআই) বলেন, ‘উপর থেকে নির্দেশ আছে, সামনে নির্বাচন তাই একটু চাপ আছে।’
দিদারুল ইসলাম দিদারের পরিবার এ ঘটনাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। পরিবারের একজন সদস্য বলেন, ‘আমাদের দিদার সম্পূর্ণ নির্দোষ। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। যে ঘটনা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটার সাথে দিদারের কোনো সম্পর্ক নেই। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।’
