ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে স্বর্ণের দোকান লুটের মামলায় কারাগারে দুই আসামী

এস এম জহিরুল ইসলাম,গাজীপুর
নভেম্বর ১৩, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
link Copied

গাজীপুরের শ্রীপুরে আলোচিত স্বর্ণের দোকান লুটের ঘটনায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত (শ্রীপুর) জেসমিন নাহার জামিন আবেদন নামঞ্জুর করে আসামি কবির ওরফে ফরমা কবির (৩ নম্বর আসামি) এবং কবির হোসেন (৫ নম্বর আসামি)–কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান সরকার প্রদীপ বলেন, ‘আমরা আদালতে জোরালোভাবে জামিনের বিরোধিতা করি। আদালতও মামলার গুরুত্ব ও প্রমাণের আলোকেই দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।’

গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার কেন্দ্রীয় মসজিদ গলিতে স্থানীয় ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাসের মালিকানাধীন ‘রিতা জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে লুটপাট চালানো হয়। সেদিন দোকান বন্ধ থাকলেও প্রথমে স্থানীয় ব্যবসায়ী সুব্রত দাস ও পায়েল সরকারের নেতৃত্বে ২০-২৫ জন যুবক দোকানের সাইনবোর্ড খুলে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার লুট করে নেয়। মামলার বিবরণ ও সিসিটিভি সূত্রে এসব তথ্য জানা যায়।

এ ঘটনায় গৌরাঙ্গ চন্দ্র দাস বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা (নম্বর ৬৭(১০), ২০২৫) দায়ের করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন,
‘আমার দোকানে দিনের আলোয় যেভাবে হামলা ও লুটপাট হয়েছে, সেটা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করছি, কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। পুলিশের তৎপরতায় কিছুটা স্বস্তি পেয়েছি, তবে যারা মূল পরিকল্পনাকারী, তাদেরও দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘আমি চাই, আমার মতো কোনো ব্যবসায়ী যেন এমন ঘটনার শিকার না হয়। বিচার হলেই অন্যরা এমন অপরাধ করতে ভয় পাবে’।

এদিকে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে শ্রীপুর থানা সূত্র। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ‘দুই আসামি আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে’।