গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটের গজারিয়াপাড়া এলাকায় দুলালেরচালায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আড়াইশ প্রসাদ মৌজার সংরক্ষিত বনভূমির প্রায় ১৪ শতাংশ এলাকা দখল করে সাতটি টিনশেড বাড়িঘর নির্মাণ করা হয়েছিলো। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি পুনরুদ্ধার করা হয়।
উচ্ছেদ কার্যক্রমটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের নির্দেশনায় পরিচালিত হয়। উদ্ধারকৃত বনভূমির বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
উচ্ছেদ অভিযান সম্পর্কে বাউপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন বলেন, “এলাকার সংরক্ষিত বনভূমি রক্ষায় আমাদের এ কার্যক্রম একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”অভিযান পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা শাকেরা আক্তার শিমু, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, বারুইপাড়া বিট কর্মকর্তা নাসির উদ্দিন, ভবানীপুর বিট কর্মকর্তা মিজানুর রহমান, রাজেন্দ্রপুর পশ্চিম বিট কর্মকর্তা হাফিজুর রহমান এবং বিকেবাড়ি বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা।
উল্লেখ্য, ভাওয়াল জাতীয় উদ্যান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। এই ধরনের উচ্ছেদ কার্যক্রম সংরক্ষিত বনভূমি রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন বিভাগ ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছে।
