গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা আমির হামজা।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
তিনি বলেন, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। আজ দুপুর পৌনে ১২টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, মুফতি আমির হামজা ওয়াজ-মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে প্রকাশিত তার বেশকিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে। যা শুনে কোমলমতি কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। এসব অভিযোগে ২০২১ সালের ২৪ মে সোমবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আমির হামজা ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
