বিএনপির আইনজীবীদের আদালত বর্জনকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (৩ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, এর কোনো মর্মার্থ নাই। কারণ হচ্ছে, আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছেন। আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা আমার মনে হয় বিএনপির ভুল বা অন্যায়।
৭ জানুয়ারির নির্বাচন তামাশার নির্বাচন, বিএনপির এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা এ নির্বাচনকে তামাশা বলছেন, তাদের বক্তব্যটাই তামাশা। কারণ হচ্ছে, জনগণ এ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন কার্যকলাপে বুঝা যাচ্ছে।
এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে আসেন আইনমন্ত্রী আনিসুল হক।
