ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

এমপি ইকবাল হোসেন সবুজ মাদকাসক্ত: জামিল হাসান দুর্জয়

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
link Copied

‘এমপি ইকবাল হোসেন সবুজ মাদকাসক্ত! গত সাড়ে চার বছর তিনি গাজীপুর ৩ শাসন করেছেন। মাদ্রাসা ও স্কুল শিক্ষকরা তার বাসায় গিয়ে দেখতো তিনি ঘুম থেকেই উঠেননি, তার ঘুম ভেঙেছে ২ টার পর। মুরব্বি শিক্ষকদের সামনেই সিগারেট খেয়েছেন, তিনি নিজেই মাদকাসক্ত। তিনি কিভাবে গাজীপুর ৩ কে মাদকমুক্ত করবেন ? তার ডোপ টেস্ট করাতে হবে’।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২০২৪) বিকেলে নৌকা মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি’র নির্বাচনী জনসভায় সভাপতি’র বক্তব্যে এসব কথা বলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। এ সময় তিনি তার ছোট বোনের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়ে ও প্রয়াত এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।

জনসভার শুরুর দিকে গাজীপুর ৩ আসন অঞ্চলের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজার হাজার কর্মীসমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করতে করতে উপস্থিত হন। লাখো জনতার উপস্থিতির এই নির্বাচনী জনসভায় সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভি পি এবং আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ্।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল বিএ।

এ ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মরহুম আলহাজ্ব এডভোকেট রহমত আলীর স্ত্রী এবং রুমানা আলী টুসি’র মা নাদেরা আলী। তিনি তার সন্তানদের জন্য উপস্থিত জনতার নিকট দোয়া প্রত্যাশা করেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাদবর, আওয়ামী লীগ নেতা জি এস নজরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল সহ আরও অনেকে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন কেন্দ্র কমিটির নেতাকর্মীরা।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার আমতলী এলাকায় আজ যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে, এটিই স্মরণ কালের সবচেয়ে বড়। লাখো জনতার উপস্থিতিতে নির্বাচনী সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। নির্ধারিত সময়ের পূর্বেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। নৌকা প্রতীক এবং রুমানা আলী টুসি’র ছবি সহ প্লেকার্ড নিয়ে মিছিলের পর মিছিল নিয়ে মানুষের ঢল নামতে থাকে। ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্য প্রদর্শন এবং নৌকা মার্কায় ভোটের শ্লোগান দিতে দেখা যায়। শ্রীপুরের মাটিতে এতো বিপুলসংখ্যক জনতার উপস্থিতি ইতোপূর্বে দেখা যায়নি বলে অনেকেই জানিয়েছেন।

অধ্যাপক রুমানা আলী টুসি লাখো জনতার উপস্থিতিতে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর বাবার মতো তাকেও ভালোবাসার জন্য আকুতি প্রকাশ করেন উপস্থিত জনতার প্রতি। তিনি এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েন, এ জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন বক্তব্য না দিতে পারার জন্য। এ সময় এক বেদনা বিধুর পরিবেশে আচ্ছন্ন হয়ে যায় পুরো জন সমাবেশ। নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রধান অতিথি রোমানা আলী বক্তব্য শেষ করেন।