ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

চুলের যত্নে রসুনের ব্যবহার

নিত্যবেলা প্রতিবেদক
ডিসেম্বর ৭, ২০২৩ ৪:৩৮ পূর্বাহ্ণ
link Copied

চুল পড়ার সমস্যায় কম বেশি প্রত্যেকেই ভুগে থাকেন। আর এটা নতুন কিছু নয়। তবে তার একটা নির্দিষ্ট সীমা আছে। অতিরিক্ত মাত্রায় হলে সতর্ক হতে হবে। আমাদের খাদ্যাভ্যাস, চালচলনের ওপর এটা অনেকটা নির্ভর করে।

আমরা নিজের অজান্তে এমন কিছু ভুল করে থাকি যার কারণে চুল ঝরে পড়া বৃদ্ধি পায়। এর থেকে মুক্তি পেতে নানা ধরনের জিনিসপত্র ব্যবহার করে থাকেন। ফলে সমাধানের চেয়ে সমস্যা বেশি হয়।

চুল পড়ার সমস্যা থেকে বাঁচতে নানা ধরনের রাসায়নিক প্রসাধনী ব্যবহার না করে, ভরসা রাখতে পারেন ভেষজ উপাদানে। তেমনই আপনার অতি পরিচিত একটি ভেষজ রসুন।

এটি চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করে। এর ব্যবহারের ফলে চুল হয়ে ওঠে উজ্জ্বল ও ঘন। এ ছাড়া মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ক্যালসিয়াম, জিঙ্ক এবং সালফার অত্যন্ত উপকারী উপাদান। আর এর সবকটি রসুনে ভরপুর মাত্রায় থাকে।

তাই চুলের যত্নে রসুনের ব্যবহার জেনে নিন-

১। রসুন ও তেল

তেল ও রসুন নতুন চুল গজাতে সাহায্য করে। এমনকি মাথার তালুর ইনফেকশন এবং ব্যাকটেরিয়া দূর করে। এক টেবিল চামচ রসুনের রসের সাথে আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় এটি চুলে রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

২। রসুনের রস

রসুনের কয়েকটি কোয়া নিয়ে রস করে নিন। এটি সরাসরি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। গোসলের আগে চুলে এটি লাগিয়ে নিন। কিছুসময় এটি মাথায় রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। আর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।

৩। কাঁচা রসুনের সিরাম

চুল পড়া রোধের একটি ভালো পদ্ধতি হলো কাঁচা রসুনের সিরাম। রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলের সাহায্যে সেটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এভাবে কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। ভালো ফল পাওয়ার জন্য এটি প্রতিরাতে ব্যবহার করুন।

৪। রসুন ও অলিভ অয়েল

অলিভ অয়েলের বোতলে এক টুকরো রসুন দিয়ে দিন। এটি এভাবে এক সপ্তাহ রেখে দিন। এরপর প্রতিদিন রাতে এই তেল চুলে ব্যবহার করুন। পরের দিন সকালে চুল শ্যাম্পু করে নিন। কয়েক সপ্তাহের মাঝে পরিবর্তন দেখতে পাবেন।

৫। রসুনের কন্ডিশনার

রসুনের কোয়া রোদে শুকিয়ে নিন। তারপর এটি গুঁড়ো করে পাউডার তৈরি করুন। এবার কন্ডিশনারের সাথে রসুনের পাউডার মিশিয়ে নিন। এটি চুলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। আপনি চাইলে এতে রসুনের রস মেশাতে পারেন। যা চুল পড়া রোধ করতে সাহায্য করবে।

৬। রসুনের প্যাক

একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটে নিন। এরসঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ রসুনের রস মেশান। এবার প্যাকটি চুলে ভালো করে ম্যাসাজ করে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাকটি ব্যবহার করুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করবে।