দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৭টায় স্বজনদের কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি।
গত রোববার (৭ জানুয়ারি) সারা দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন, জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও কক্সবাজারের একটি আসন থেকে জয় পেয়েছেন।
এছাড়া নির্বাচন কমিশন (ইসি) সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করেছে। পাশাপাশি নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে পরবর্তীতে ওই আসনে নির্বাচন হবে বলে জানিয়েছে ইসি।
