তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলেই দেশে শান্তি বিরাজ করছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কালাচাঁদপুর সরকারি হাইস্কুল ও কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের জায়গায় জায়গায় অশান্তি, যুদ্ধ-বিগ্রহের চিত্র আমরা টেলিভিশনে দেখি, খবরের পাতায় পড়ি। আমাদের দেশে গত ১৫ বছর ধরে শান্তি আছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণেই তা সম্ভব হয়েছে।
মোহাম্মদ এ আরাফাত বলেন, মানুষের শান্তি বিনষ্টের জন্য যারা মানুষ ও যানবাহনের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করে, এমনকি ট্রেনে অগ্নিসংযোগ করে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদেরকে রুখে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, সন্ত্রাসীদের ভয়-ভীতি উপেক্ষা করে মানুষ শীতের সকালে ভোট দিয়েছে। যেকোনো নির্বাচনি এলাকার ২৪ থেকে ২৫ শতাংশ ভোটার এলাকায় থাকেন না। তারপরও দেশে অনেক ভোট পড়েছে।
