স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক মাধ্যম ফেসবুকে নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে সমাজের বিভিন্ন সম্মানী ব্যক্তির মেসেঞ্জার গ্রুপে অসাধু উদ্দেশ্যে যোগাযোগ করার চেষ্টা করছেন।
প্রকৃতপক্ষে, সামাজিক মাধ্যম ফেসবুকে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কোনো ব্যক্তিগত একাউন্ট বা পেজ নেই।
স্বাস্থ্যমন্ত্রীর নামে খোলা সকল ফেসবুক অ্যাকাউন্ট অবৈধ, ভুয়া ও প্রতারণামূলক জানিয়ে, এসব একাউন্ট থেকে দেশের জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত না হতে সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
