ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে

নিত্যবেলা প্রতিবেদক
ডিসেম্বর ৬, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ
link Copied

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সারাদেশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সেই অনুযায়ী পুলিশ সদরদপ্তর থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে ইসিতে।

বুধবার (৬ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে পুলিশ সদরদপ্তর থেকে এই তালিকা পাঠানো হয়।

দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করতে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। চিঠিতে ইসি নির্দেশনা দেয়, এক কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে এমন ওসিদের অন্যত্র বদলি করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।সেই অনুযায়ী বদলি করার জন্য ওসিদের তালিকা দিলো পুলিশ সদর দপ্তর।

এদিকে গত সোমবার (৪ ডিসেম্বর) দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।