ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডিএমপির সদর দপ্তরে আয়োজিত সমন্বয় সভায় তিনি জানান, বইমেলা ঘিরে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার, ড্রোন নজরদারি, সোয়াট এবং বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদাপোশাকের ও ইউনিফর্মধারী পুলিশ দায়িত্বে থাকবে এবং মেলার প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হবে। বড় ব্যাগ বা দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
মেলায় লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্পডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র থাকবে। বিদ্যুতের সার্বক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করা হবে। সমন্বয় সভায় বিভিন্ন সরকারি সংস্থা, প্রকাশক সমিতি, ফায়ার সার্ভিস ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
