ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

কোথায় হারালেন ফকিরবেশী বাংলা র‍্যাপার লাল মিয়া

নিত্যবেলা প্রতিবেদক
মার্চ ৬, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
link Copied

ফকির লাল মিয়া নামটির সাথে এদেশের সংগীত প্রেমিরা পরিচিত হন ২০১১ সালে। ঐ বছরে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হয় লাল মিয়ার এ্যালবাম ‘ছয় নং বিপদ সংকেত’। পোশাকে ফকিরের বেশ, হাতে মাটির সানকি এমনই ব্যতিক্রমী এ্যালবাম কভারে তিনি হাজির হন ব্যতিক্রমী কিছু গান নিয়ে। তার গানে তিনি নিজেকে বলেছেন ছদ্মবেশী ফকির। হিপহপ র‌্যাপ গানের তালে তালে ফকির লাল মিয়া সিলেটের আঞ্চলিক বাংলায় বলেছেন সমাজের নানা অসংগতির কথা। তার গানে রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত প্রেমের দ্বন্দ্ব সবই স্থান পেয়েছে। ভিন্নধর্মী উপস্থাপনের কারণে তার গান দ্রুতই তরুণ সমাজের কাছে গ্রহণযোগ্যতা পায়। ‘ছয় নং বিপদ সংকেত’ লাল মিয়ার এদেশ থেকে প্রকাশিত প্রথম এ্যালবাম হলেও তার গানের শুরু এখানেই নয়। একটু পেছনে ফেরা যাক। সিলেটের আদি বাসিন্দা লাল মিয়া কিশোর উত্তীর্ণ বয়স থেকেই প্রবাসী। নিউ ইয়র্ক আর লন্ডনে কেটেছে তার দীর্ঘ জীবন। কিন্তু অন্তরে ঠিকই বাংলা তার চিরসাথী। তাই হিপহপ তালে নিজের কণ্ঠে তুলে নিয়েছেন নিজের আঞ্চলিক বাংলায় নিজের লেখা গানের কলি।

লাল মিয়ার কৈশোর কেটেছে সিলেটের সুনামগঞ্জ শহরে। শহরের ‘খেলাঘর’ নামক সংগীত বিদ্যালয়ে তার যাতায়ত ছিল নিয়মিত। বিশেষ করে তার বড় বোন সেখানকার অনুষ্ঠানগুলোতে নিয়মিত অংশগ্রহণ করতেন। তাই বলা যায় পারিবারিক একটা গানের পরিবেশ তিনি ছোটবেলা থেকেই পেয়েছেন। ছোটবেলায় তিনি তবলার সাথে কবিতা আবৃত্তি করতে ভালবাসতেন। কাজী নজরুল ইসলামের ‘লিচু চোর’ কবিতাটি তবলার তালে আবৃত্তি করে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছিলেন শিশু বয়সেই। গানের গুরু কে এমন প্রশ্নের জবাবে প্রথমেই লাল মিয়া তা মায়ের কথা উল্লেখ করেন। ছোটবেলায় যখন তার মা হারমোনিয়াম বাজিয়ে গান করতেন, তখন তিনি পাশে বসে আপনমনে শুনতেন। গানের প্রতি ভালবাসা মূলত তখন থেকেই তৈরি হয়।

প্রথম দিকে নিজের উদ্যোগে গানের মিউজিক ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ করতে থাকেন প্রযুক্তিপ্রেমী লাল মিয়া। গণমাধ্যম তথা টেলিভিশনে প্রচারিত তার প্রথম গান ‘বিচার চাই’। গানটি প্রচারিত হবার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয় ধারালো রাজনৈতিক প্রতিবাদী বক্তব্যের জন্য। স্বনামখ্যাত র‌্যাপার কাজীর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে লাল মিয়ার প্রথম এ্যালবাম ‘ছয় নং বিপদ সংকেত’ প্রকাশিত হয়। এই এ্যালবামের ‘সিলেটি র‌্যাপ’, ‘শোন ওগো সুন্দরী’, ‘লাল একলা একশো’ গানগুলো তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় ফকির লাল মিয়াকে। এই এ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিও তৈরি হয়, যা এদেশের বিভিন্ন টিভি চ্যানেলের সংগীত বিষয়ক অনুষ্ঠানে প্রচারিত হয়। এই এ্যালবামের সফলতার ধারাবাহিকতায় পরের বছর প্রকাশিত হয় তার দ্বিতীয় এ্যালবাম ‘কালাসাধক এক্সপ্রেস’। এই এ্যালবামের গানগুলোও শ্রোতারা গ্রহণ করে।

হিপহপ আর্টিস্ট লাল মিয়ার সোসাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ভিজিট করে জানা যায় তিনি বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। তবে তিনি নাড়ির টানে বাংলাদেশও আসেন কিছুদিন পর পর। লাল মিয়ার বর্তমান সংগীতের অধিকাংশই প্রকাশিত হচ্ছে শাটারস্পিড নামক একটি ইউটিউব চ্যানেলে। যার সবগুলোই শ্রোতাপ্রিয় হচ্ছে।