ভারতে দীর্ঘ সময় ধরে চলা জনপ্রিয় শো ‘সিআইডি’র অন্যতম অভিনেতা দীনেশ ফাডনিস মারা গেছেন। সিআইডিতে ফ্রেডেরিকস চরিত্রে অভিনয় করেছিলেন দীনেশ ফাডনিস। গতকাল সোমবার দিবাগত রাতে মারা যান এই অভিনেতা। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন দীনেশের সিআইডি সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি। যিনি সিআইডি শো’তে দয়ার চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘রাত ১২.০৮ মিনিটে দীনেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’ অভিনেতা মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে, রবিবার দীনেশ হৃদরোগে আক্রান্ত হয়েছিল, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে, দয়ানন্দ শেঠি নিশ্চিত করেছিলেন যে দীনেশের হার্ট অ্যাটাক আক্রান্ত হয়নি কিন্তু লিভারের ক্ষতি হয়েছে।
দীনেশ সিআইডিতে ফ্রেডেরিকস চরিত্রে অভিনয়ের মাধ্যমে ভারতের জনপ্রিয় টিভি অভিনেতাদের মধ্যে একজন হয়ে ওঠে। প্রায় ২০ বছর ধরে শোটির অংশ ছিলেন তিনি। ১৯৯৮ সালে প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল এটির এবং এটি ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদি টেলিভিশন শোগুলোর মধ্যে একটি। সিরিজটি ২০ বছর ধরে সনি টিভিতে প্রচারিত হয়েছে।
