বলিউডে অভিষেক হয়েছে জয়া আহসানের। শুক্রবার (৮ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে ‘কড়ক সিং’ নামের সিনেমাটি। এতে সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি, যা নিয়ে নেটমাধ্যমে চলছে চর্চা।
এবারই প্রথম জয়ার সঙ্গে অভিনয় করলেন পঙ্কজ। প্রথম ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে এ অভিনেতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘এই প্রথম আমি এই ধরনের দৃশ্যে অভিনয় করলাম। তবে কোনোরকম প্রস্তুতি নিইনি। পেশাদার অভিনেতা হিসেবে আমি শুধুই নিজের সহ-অভিনেতার স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেছি। কোনোরকম অসুবিধা হয়নি। দৃশ্যটি খুবই নান্দনিকভাবেই শুট করা হয়েছে। সেখানে কথোপকথনও খুব সুন্দর।’
তিনি জানান, এর আগে জয়ার সঙ্গে পরিচয় ছিল না পঙ্কজের। এমনকি এ অভিনেত্রীর কোনো সিনেমাও দেখেননি তিনি। তবে তার অভিনয়ের প্রশংসা করতে ভুললেন না।
পঙ্কজের কথায়, ‘জয়ার কোনো ছবি আগে দেখিনি। কিন্তু টোনিদা জয়ার কথা বলার পর আমি ওর কিছু বাংলাদেশি ছবি দেখি। ভীষণ পরিণত অভিনেত্রী। একসঙ্গে কাজ করে খুব ভালো লাগল।’
সিনেমাটি নির্মাণ করা হয়েছে অ্যামনেশিয়ায় আক্রান্ত এক কর্মকর্তাকে ঘিরে। এ কর্মকর্তা শ্রীভাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন—তা নিয়েই মূলত সিনেমাটির গল্প।
সিনেমায় জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী থিরুবতী ও সঞ্জনা সাংঘিসহ আরও অনেকে। নভেম্বরে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়।
এর আগে, গত মাসে ভারতের গোয়ায় ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। তার চারটি চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হয়েছিল।
