ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বাস চাপায় একই পরিবারের ৪ জন নিহত

নিত্যবেলা প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ
link Copied

কুমিল্লায় পায়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় একটি বাসের চাপায় একই পরিবারের দুই নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আজ সোমবার (২২ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মা দিলবার নেছা, মেয়ে শাহিনুর আক্তার, ৩ বছর বয়সী শিশু সায়মা, ও দেড় বছর বয়সী রাইসা। তারা সবাই তিতাস উপজেলার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে থানার এসআই মো. আবু সেলিম রেজা জানান, মহাসড়কের দাউদকান্দির মালিখিল এলাকায় রাত ৮টার দিকে দুই শিশুসহ দুজন নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকা অভিমুখী একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনজন এবং গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘাতক বাসটিকে আটক করতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।