খুলনার ময়লাপোতা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে শেখ মো. সাদেকুর রহমান ওরফে বিহারী রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আহছানউল্লাহ কলেজের সামনে ঘটে। এ সময় পলাশ নামে আরো একজন আহত হয়েছেন।
জানা যায়, দুর্বৃত্তরা সাদেকুর রহমানকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত যুবকের পেটে বাম সাইডে ও গলার নিচে এবং বাম কানের নিচে মোট ৩টি গুলি লেগেছে। এ ঘটনায় নগরীর শের ই বাংলা রোডের মহারাজের ছেলে পলাশ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
অপর আহত ব্যক্তি শের ই বাংলা রোডের বাসিন্দা মহারাজের ছেলে পলাশ (৩৪)। তিনি খুলনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার পায়ে একটি গুলি লেগেছে।
খুলনা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার কারণ ও জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।
