নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের মধ্যেই হঠাৎ গাজীপুরের বিভিন্ন বাজারে গরুর মাংসের দাম কেজিতে অন্তত ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমেছে।
গাজীপুরের বোর্ড বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বেঁধে দেওয়া দাম ৬০০ টাকাতেই বিক্রি হচ্ছে গরুর মাংস।
আজ শনিবার (০২ ডিসেম্বর) সকালে সরেজমিনে গাজীপুরের বোর্ডবাজার এলাকার বিভিন্ন মাংসের দোকানগুলোতে ক্রেতাদেরে ভিড় দেখা গেছে। অনেকে দোকানেই লাইন দিয়ে মাংস কিনতে হয়েছে ক্রেতাদের।
মোহাম্মদ সাইদুল ইসলাম নামের একজন ক্রেতা মাংসের দাম কমায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “মাংসের দাম কমে যাওয়ায় আমরা খুশি। আমি আমার মেয়েদের জন্য মাংস কিনতে এসেছি; তারা গরুর মাংস পছন্দ করে।”
রাসেল মাংস বিতান নামের এক দোকানে মাংস কিনতে আসা আবদুর রহমান নিত্যবেলাকে বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের মতো বয়স্কদের খাদ্যাভাসবদলে দিয়েছে। ঈদ-উল-আজহার পর আমি বাজার থেকে মাংস কিনিনি। তবে দাম কিছুটা কমায় আজ কিনতে এসেছি।”
রাসেল মাংস বিতানের মালিক রাসেল হোসেন নিত্যবেলাকে বলেন, “আগের তুলনায় প্রতি কেজি গরুর মাংসের দাম ১৫০-২০০ টাকা কমেছে। আগে দিনে একটি গরুর মাংস বিক্রি করা কঠিন ছিল, এখন আমরা সহজেই দুই থেকে তিনটি গরুর মাংস বিক্রি করছি। ভোক্তা অধিকারের নির্দেশনা অনুযায়ী দামে মাংস বিক্রি করলে আমাদের সীমিত লাভ হচ্ছে। তারপরেও ক্রেতাদের কথা চিন্তা করে বিক্রি করছি। গত কিছুদিন ধরে আমরা বোর্ডবাজার এলাকায় মাংকিং করেছি ৬০০ টাকা কেজি ধরে মাংস বিক্রির বিষয়ে। কম টাকায় মাংস পেয়ে ক্রেতারা খুশি।”
