গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা থেকে প্রতিদিন ও মাসিক ভিত্তিতে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ চাঁদাবাজির প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মনিপুর বাজারে মানববন্ধন করেন স্থানীয় সচেতন মহল ও অটোরিকশা চালকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহার মণ্ডল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলহাস, সদস্য কাশেম সিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন, যুবদল নেতা ওহাব আলী, ডাঃ জয়নাল আবেদিন, জাহিদ খান, ওলামা দলের আমিনুল ইসলাম কাজী, বিএনপি নেতা জুয়েল হোসেন, মাসুদ রানা, ছাত্রদল নেতা মৃদুল সিকদার, শ্রমিকদল নেতা আজাহার মুসুল্লী, জহির মুসুল্লীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রিপন মুসুল্লী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল মুসুল্লী, গাজীপুর সদর উপজেলা বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আঃ মুতালেব হাজী, সদস্য আনিস মুসুল্লী, সোহাগ মুসুল্লী ও সামিম মুসুল্লী।
বক্তারা বলেন, এসব ব্যক্তি দলের আদর্শের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হয়ে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করছে। তারা অবিলম্বে চাঁদাবাজি বন্ধের দাবি জানান এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন থেকে জানানো হয়, চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে আরও বড় ধরনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ ও অটোরিকশা চালকরাও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
