গাজীপুরের কাশিমপুরে গ্রামীণ ফেব্রিক্স কারখানায় আগুন দিয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। বুধবার সন্ধ্যায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ডিইপিজেড ও সারাবো ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ শুরু করে। উত্তেজিত শ্রমিকদের বাধায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে সমস্যা হয়।
এর আগে, বন্ধ থাকা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে। তারা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর এবং একটি ট্রাক ও বাসে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা কাজ করছেন।বিক্ষোভের সময় সাংবাদিকদের ওপর হামলা হলে চারজন আহত হন এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
গত ১৫ ডিসেম্বর বেক্সিমকোর ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ হিসেবে অর্ডার সংকট ও ঋণখেলাপির কথা উল্লেখ করা হয়েছে।
