ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কিশোর চালক রহস্যজনকভাবে খুন! অটোরিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
link Copied

গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকার গভীর গজারি বনের ভেতর থেকে রাসেল বেপারী (১২) নামে এক কিশোর চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের অভিযানে ধরা পড়েছে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য, উদ্ধার হয়েছে চুরি যাওয়া অটোরিকশার বিভিন্ন অংশ।

 

নিহত রাসেল বেপারী রুদ্রপুর মধ্যপাড়ার বাসিন্দা এবং স্থানীয় মৃত কাদির বেপারীর ছেলে। জীবিকার তাগিদে হোতাপাড়া-আরপি গেট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালাত সে। কিন্তু গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরদিন শনিবার সকালে স্থানীয়রা তার লাশ বনের মধ্যে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।

 

পরে এ ঘটনায় জয়দেবপুর থানা পুলিশ তদন্ত শুরু করে। এরপর বেরিয়ে আসে ভয়ংকর তথ্য। পুলিশের অভিযানে সন্দেহভাজন খোকনের বাড়ি থেকে রাসেলের চুরি যাওয়া অটোরিকশার কন্ট্রোলার, মোটর ও ব্যাটারি উদ্ধার করা হয়। পরে তার সহযোগী সবুজ মিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় সবুজ-কালো রঙের তিন চাকার অটোরিকশার মূল বডি। পরে অটোরিকশার বডি দেখে সনাক্ত করে নিহত রাসেলের স্বজনরা।

 

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। গ্রেপ্তার হওয়া দুই আসামি সাব্বির হোসেন সুজন ও সবুজ মিয়া তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তবে আমাদের কাছে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

 

পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডের পেছনে আরও একটি চক্র কাজ করছে। মূল রহস্য উদঘাটনে জড়িতদের ধরতে অভিযান চলছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তারকৃতদের জামিন না দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

 

স্থানীয়দের মতে, রাসেলের মতো অনেক কিশোরই জীবিকার তাগিদে অটোরিকশা চালায়। কিন্তু সংঘবদ্ধ চোরচক্র তাদের টার্গেট করছে। এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে আরও এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।