গাজীপুরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর জেলা শাখা।
মঙ্গলবার (১৮ মার্চ) জয়দেবপুরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ছাত্রশিবির গাজীপুর জেলার সভাপতি ইয়াছিন আরাফাত এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ, খেলাফত ছাত্র মজলিস, জাতীয় ছাত্রসমাজ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় ও গাজীপুর জেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং গাজীপুরকে একটি আদর্শ জনপদে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতার পূর্ব মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা জানান, এই ইফতার মাহফিল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সমন্বয় আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
