গাজীপুরে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা বনবিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জে এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান লিটনের নেতৃত্বে প্রায় শতাধিক হামলাকারী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার কাচ, আসবাবপত্র, মোটরসাইকেলসহ রেঞ্জ কর্মকর্তার ব্যবহৃত ল্যাপটপ ভাংচুর করে। এছাড়াও দুর্বৃত্তরা বন কর্মকর্তাদের আবাসিক ভবনে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটপাট করেছে ব’লে অফিস সূত্র জানায়। হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আতাহার শাকিল ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল।
অন্য দিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান লিটন। তিনি বলছেন স্থানীয়রা হামলা চালিয়েছে বন কর্মকর্তার কার্যালয়ে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, এই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম রুবেল হোসেন। রুবেল রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকার রমিজ উদ্দিনের ছেলে।
অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সূত্র জানায়, এ সময় লাঞ্ছিত করা হয়েছে রেঞ্জ কর্মকর্তা নাসিমা আক্তারকে। কার্যালয়ে হামলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা নিজেই।
নাছিমা আক্তার বলেন,’হামলার সময় আমি আমার অফিসে বসে ছিলাম। দেখি বেশ কিছু লোকজন লাঠিসোটা হাতে নিয়ে অফিসের ভেতরে ঢোকে ভাঙচুর করছে। আমি বাধা দিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে তারা আমার ওপরও চড়াও হয়।’
বন প্রহরী আক্তার হোসেন বলেন, ‘আমরা রেঞ্জ অফিসে অবস্থান করছিলাম। হঠাৎই দেখতে পাই লাঠিসোটা হাতে বেশ কিছু লোকজন দৌড়ে এসে গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। আমি কলাপসিবল গেট লাগানোর চেষ্টা করি। কিন্তু তার আগেই তারা অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে।’
