গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। এ ঘটনায় পুলিশ হামলাকারী একজনকে গ্রেপ্তার করেছে। পরে সাংবাদিক রুকনুজ্জামান খান শনিবার (১৫ ফেব্রুয়ারি) থানায় একটি মামলা দায়ের করেছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার বিকালে সদর উপজেলার নয়নপুর (বড়ইতলী) এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক স্বাধীন বাংলার গাজীপুর প্রতিনিধি রুকনুজ্জামান খান, বিডি ২৪ লাইভ ডটকম-এর গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ, দৈনিক তরুণ কণ্ঠ’র প্রতিনিধি নজরুল ইসলাম ও স্থানীয় দৈনিক মুক্ত বলাকার স্টাফ রিপোর্টার মিলন শেখ। ভূমিদস্যুরা সাংবাদিকদের মারধর করে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে। মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও নিতে পারেনি। আহত সাংবাদিকেরা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন গাজীপুর উপজেলার নয়নপুর (বড়ইতলী) এলাকার শাহাবুল ইসলাম, তার ছেলে আব্দুল্লাহ নিরব, নাঈম মিয়া এবং তাদের সহযোগী মৃত আব্দুল রহমানের ছেলে আকবর আলীসহ অজ্ঞাত ১০-১৫ জন সহযোগী।
মামলার বাদী সাংবাদিক রুকনুজ্জামান খান বলেন, তারা চার সাংবাদিক খবর পান যে উপজেলার নয়নপুরে (বড়ইতলী) সরকারি বনভূমির গাছ কেটে দখল করছে ভূমিদস্যুরা তৎক্ষণাৎ তারা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সেখানে যান। ঘটনাস্থলে সাংবাদিক আসার খবর পেয়ে ভূমিদস্যু শাহাবুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তারা উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চান এখানে কেন এসেছেন।
এ সময় চার সাংবাদিকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ভূমিদস্যুরা। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করা ছাড়াও তাদের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।
গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. একেএম আনসারী রিপন বলেন, যে কোনো সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে গাজীপুর জেলা প্রেসক্লাব সব সময় সোচ্চার ছিল এবং এখনও সোচ্চার আছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
কবি, লেখক ও গাজীপুর সাংবাদিক পরিষদ-এর প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন ব’লেন, এটি অশনী সংকেত। দেশ ও বিপন্ন মানুষের কন্ঠস্বরের ভূমিকা পালন করেন সাংবাদিক সমাজ। সাংবাদিক আক্রান্ত হওয়া মানে জনমানুষের কন্ঠস্বর থামিয়ে দেওয়ার চেষ্টা। খবর পেয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম সাহেবের সঙ্গে কথা বলেছি। একজন আটকের কথা তিনি জানিয়েছেন। দ্রুতই বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে ব’লে আশ্বস্ত করেছেন। ওসি সাহেব কথা রাখবেন এ বিশ্বাস আছে। এর অন্যথা হলে সম্মিলিতভাবে আমরা কলম,কন্ঠস্বর ও বুদ্ধিবৃত্তিক পথে লড়াইয়ে নামবো। দুর্বৃত্তরা আইনের আওতায় আসার আগ পর্যন্ত এ লড়াই জারি থাকবে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। হামলাকারী আব্দুল্লাহ নিরবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
