
গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় ভোরে আগুন দেয় দুর্বৃত্তরা।
চলমান অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দক্ষিণ সালনা এলাকায় শিল্প কারখানার সুতাভর্তি দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় সুতাবোঝাই দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গাজীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী মোটরসাইকেল নিয়ে কাভার্ডভ্যান দুটির গতিরোধ করে এবং আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান পুলিশ।
