সত্য ও শোষিতের পক্ষে গড়ে ওঠা সাংবাদিকদের প্রাণের সংগঠন “গাজীপুর সাংবাদিক পরিষদ”-এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল ও নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) গাজীপুর সদর উপজেলার সাহেববাড়ি রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক, ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল শেষে সংগঠনটির গুরুত্বপূর্ণ নির্বাহী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো. মোজাহিদ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা, কবি ও সাহিত্যিক শাহান সাহাবুদ্দিন। তিনি বলেন,
“সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও ব্রত। সত্যের পক্ষে অবিচল থেকে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই প্রকৃত সাংবাদিকতার মর্মবাণী। গাজীপুর সাংবাদিক পরিষদ সেই আদর্শেই কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত গর্বের বিষয়।”
“সাংবাদিকরা সমাজের দর্পণ। আমাদের লেখনীর মাধ্যমে সমাজের সত্য প্রতিফলিত হয়। তাই সাহস ও সততার সঙ্গে সাংবাদিকতার আদর্শ মেনে চলতে হবে। সত্য প্রকাশে কখনো ভয় পাওয়া যাবে না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য ও ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকী, কলামিস্ট সাঈদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা সবাই সাংবাদিকদের অধিকার, চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন এবং গাজীপুর সাংবাদিক পরিষদের ভূমিকার প্রশংসা করেন।
ইফতার মাহফিল শেষে সংগঠনের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
