ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পাল্টা অবস্থানে ছাত্রলীগ 

নিত্যবেলা প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ
link Copied

 

 

ময়মনসিংহ নগরীতে কোটা সংস্কার আন্দোলনকারিদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারিরা ৯ দফা দাবি জানিয়ে শ্লোগান দেয়।

বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন নগরীর জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি শুরু করে।

এ সময় জিরো পয়েন্টের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় কোটা বিরোধীদের বিপক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা ছাত্রলীগের মিছিলটি সরিয়ে দেয়। সাবেক ছাত্রলীগ নেতা ও ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আরিফ ছাত্রলীগের ওই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। পরে জিরো পয়েন্টে কোটা আন্দোলনকারিরা অবস্থান নিয়ে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। এ সময় শিক্ষার্থীরা একটি মিছিল বের করে কাচারি সড়ক হয়ে নগরীর টাউন হল মোড়ে গিয়ে ফের অবস্থান নিয়ে সমাবেশ করে। পরে শান্তিপূর্ন কর্মসূচি পালন শেষে পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা টাউনর হল মোড় থেকে সরে যায়।

এর আগে সকাল ১১টা থেকেই বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা জিরো পয়েন্ট এলাকায় জড়ো হতে শুরু করে। একই সঙ্গে সকাল থেকেই শিক্ষার্থীদের এই কর্মসূচিকে ঘিরে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, ডিবি ও আনসার সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

 

সমাবেশে কোটা আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, ৯দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায়ে শহীদ ভাইদের মত আমরাও জীবন দিতে প্রস্তুত।

 

এ সময় অপর সমন্বয়ক মো: আশিকুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের শান্তিপূর্ন আন্দোলন চলবে। কিন্তু দুঃখজনক হল যে- এখন পর্যন্ত ময়মনসিংহ নগরীতে শহীদ শিক্ষার্থী রোদোয়ান হোসেন সাগরের খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি। সরকার যদি শিক্ষার্থীদের গণহত্যা চালিয়ে আন্দোলন দমন করতে চায়, তাহলে আমরাও সেই গনহত্যায় শরিক হতে চাই।

কর্মসূচিতে শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক প্যানেলের রাকিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সেই সঙ্গে আন্দোলনকারিদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

এদিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সময়ে নগরীর কাচারি মোড়, টাউল হল, নতুন বাজার ও জিলা স্কুল মোড় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির মধ্যে পড়েন সাধারন যাত্রীরা।