দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেননি স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি রাজধানীর উত্তরা তথা ঢাকা-১৮ আসনের ভোটার।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহি। ভোট না দেওয়া প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘আমি ঢাকার উত্তরার ভোটার। সাধারণত সেখানেই ভোট দেওয়া হয়। কিন্তু এবার নির্বাচনের কারণে যেতে পারছি না। তবে চাইব, আমার নির্বাচনি এলাকার মানুষেরা যেন তাদের ভোটটা দিতে পারেন।’
ভোট না দিলেও নিজের নির্বাচনি এলাকার ভোটকেন্দ্রে ঘুরেন মাহি। ভোটারদের কাছে দোয়া চান।
এদিকে আজ ৭ জানুয়ারি সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকাল ৪টা পর্যন্ত। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এ ছাড়া সারা দেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেন স্থানীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। এ ছাড়া দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও ছিলেন। এদের মধ্যে ছিলো বিদেশি গণমাধ্যমকর্মীও।
