ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

পাবনার ৫ আসনেই বিপুল ভোটে বিজয়ী নৌকা

এস এম আদনান উদ্দিন, পাবনা সংবাদদাতা
জানুয়ারি ৮, ২০২৪ ৯:২৭ পূর্বাহ্ণ
link Copied

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটি আসনে নতুন মুখ আর ৪টিতে পুরোনো মুখ নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে।

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন মু. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনা-১ আসনে মোট ১২৫টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু পেয়েছেন ৯৩ হাজার ৩০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক মার্কা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৭২ হাজার ৩৪৩ ভোট পেয়েছেন। ২০ হাজার ৯৫৭ ভোটে বেসরকারিভাবে বেসরকারি ফলাফলে অ্যাডভোকেট শামসুল হক টুকু জয়লাভ করেছেন।

পাবনা-২ আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রতীকের প্রার্থী আহমেদ ফিরোজ কবির বিজয়ী হয়েছেন। ১০৮টি কেন্দ্রের মোট ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম’র নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট।

পাবনা-৩ আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী মকবুল হোসেন বিজয়ী হয়েছেন। মোট ১৭৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি ১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুল হামিদ পেয়েছেন ১ লাখ ১৫৯ ভোট।

পাবনা-৪ আসনে মোট ১২৯ কেন্দ্রের প্রাপ্ত ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গালিবুর রহমান শরীফ ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪ হাজার ৬৬২ ভোট।

পাবনা-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক খন্দকার প্রিন্স পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ২৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতীকের জাকির হোসেন পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের আব্দুল কাদের খান কদর পেয়েছেন ২ হাজার ৭৬৬ ভোট, তৃণমূল বিএনপির আফজাল হোসেন বটু সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৫৯ ভোট এবং ন্যাশনাল পিপল্স পার্টির মোহাম্মদ আবু দাউদ আম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৫৪ ভোট।

উল্লেখ্য, পাবনা-১ আসনের নৌকার প্রার্থী শামসুল হক টুকু চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। পাবনা -২ আসনের নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। পাবনা-৩ আসনের মকবুল হোসেনও চতুর্থবার, পাবনা-৪ আসনের নৌকা প্রতীকের গালিবুর রহমান শরীফ প্রথমবার এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স চতুর্থবারের ন্যায় নির্বাচিত হলেন।