রংপুরের পীরগাছা উপজেলা হল রুমে বুধবার বিকেলে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং স্থানীয়ভাবে কিছু খেলাধুলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বলেন, “তরুণদের ভাবনা ও চিন্তাচেতনা আমাদের সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে সাহায্য করবে।”
শিক্ষার্থীরা বলেন, গ্রামের মানুষের অর্থনৈতিক সংকট দূর করা এবং শিক্ষার মানোন্নয়নই দেশের উন্নতির মূল চাবিকাঠি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজা, পীরগাছা থানার ওসি তদন্ত তাজুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
