জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জাপার শতভাগ আস্থা আছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, সম্প্রতি জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এমন খবর প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু আমাদের ওপর প্রধানমন্ত্রীর আস্থার ঘাটতি আছে সেটা সামান্য টের পাইনি। বৈঠকে ক্ষমতাসীনদের ব্যবহারে আমাদের প্রতি কোনো রকম আস্থার ঘাটতি অনুভব হয়নি।
তিনি বলেন, জাপা আওয়ামী লীগের কাছে আসন চায়নি। আমরা জনগণের কাছে আসন চাই। আওয়ামী লীগের সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। আজ রাতেও আলোচনা হবে। আগামীকাল হয়তো নির্বাচনের বিষয়ে আরও কিছু তথ্য দিতে পারব। বৈঠক যেহেতু নির্বাচনকেন্দ্রিক, তাই ৭ জানুয়ারির আগে দফায় দফায় বৈঠক চলবে।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, সরকারের অধীনে ভোট হচ্ছে না। নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তাসহ যারাই নির্বাচনি কাজে জড়িত, সবাই ইসির অধীনে। দেশে কখনোই শতভাগ সুষ্ঠু ভোট করা সম্ভব হয় নাই। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে ভোট করা হলেই কেবল শতভাগ ভোট সুষ্ঠু করা সম্ভব।
