ময়মনসিংহের ফুলপুরে কারফিউর প্রভাবে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।চলমান কারফিউর কারণে বাজারগুলোতে লোকসমাগম অনেকটাই কম। স্থানীয় হাটবাজারে কাচাঁমালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক বেশী। উপজেলার বিভিন্ন হাটে ধানসহ অন্যান্য পন্যের আমদানি অনেক কমেছে। বিশেষ করে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারসহ বিভিন্ন হাটবাজারে মানুষজনের উপস্থিতি কম হওয়াতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দোকানদারদের বেচাকেনায় পড়েছে ভাটার টান। কারফিউর কারণে বিকাল ৫ টার পরপরই দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। এতে দোকানের আমদানি কম হওয়াতে মহাজনদের পাওনা টাকা দিতে হিমশিম খাচ্ছেন অনেক ব্যবসায়ী। চলমান কারফিউর কারণে নিজেদের উৎপাদিত পন্য সঠিক বাজারজাত করণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় কৃষকরা। হাটে যথেষ্ট পরিমান ক্রেতা না থাকায় ক্ষেতের ফসল অনেকাংশেই নষ্ট হচ্ছে তাদের। এতেকরে লোকসানের আশংকায় দিন গুনছেন তারা। স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন পন্য পরিবহনকারী যানবাহনগুলোর ভাড়া আগের মতো আর মিলছে না। ফলে ওইসব যানবাহনের চালকরা পরিবার চালানোর দুঃচিন্তায় পড়েছেন। উপজেলার বিভিন্ন বাজারে কাচাঁমালসহ মাছের আড়তগুলোতে আমদানি কমেছে। যার কারণে আড়তদারদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। বিভিন্ন পশুর হাটে ক্রেতা কমের কারণে পশুর বেচাকেনা অনেকাংশে কমেছে। হাটে তোলা গরু-ছাগল বিক্রি করতে না পেরে সেগুলো বাড়িতে বা খামারে ফিরিয়ে নিয়ে গেছেন অনেক বিক্রেতা। সর্বোপরি, উপজেলার হাটবাজারগুলোতে ও স্থানীয় জনজীবনে কারফিউর বিরুপ প্রভাব লক্ষ্য করা গেছে।
