ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি নেই পরিকল্পনামন্ত্রীর, ব্যাংকে জমা ১ কোটি ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৮, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
link Copied

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বর্তমানে কোনো বাড়ি নেই। ঢাকায় জমি আছে মাত্র ৪ শতাংশ। আর বেতনের বাইরে নেই কোনো আয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সুনামগঞ্জ-৩ আসনে টানা তিনবারের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এবারের জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী তিনি।

হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন শিক্ষকতা, চিকিৎসা, আইন ও পরামর্শক। এসব পেশা থেকে পরিকল্পনামন্ত্রীর বাৎসরিক আয় ১ লাখ ২৫ হাজার টাকা, চাকরির থেকে ১৪ লাখ ৩৮ হাজার ২১২ টাকা, অন্যান্য ১ লাখ ৫০ হাজার টাকা।

হলফনামায় দেওয়া তথ্যমতে, বর্তমানে এম এ মান্নানের রয়েছে নগদ ৩৪ লাখ ৪৩ হাজার ৫১ টাকা। ব্যাংকে আছে ১ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৪২৮ টাকা। পোস্টাল ও সেভিংসসহ বিভিন্ন বিনিয়োগ আছে ৬০ লাখ টাকা। অন্যান্য (আইসিবি, এ.এম.সি.এল ইউনিট ফান্ড) খাতে আছে ১৫ লাখ ১ হাজার ৫৬০ টাকা। রয়েছে গাড়ি, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ ৩ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার ৫ টাকার অস্থাবর সম্পত্তি।

এছাড়াও কৃষি জমি আছে ৫.৩৪ একর। নিজের ৩টি টিনশেড আধাপাকা বাড়ি দান করে দেওয়ায় কোনো বাড়ি নেই। ঢাকার নিকুঞ্জের ৩ শতক জমি বিক্রি করে দেওয়ায় বাকি আছে শুধু আশুলিয়ার ৪ শতক জায়গা।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জাকের পার্টির মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির তৌফিক আলী মিনার, জাতীয় গণফ্রন্ট’র তালুকদার মকবুল হোসেন।