গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদরের বারইপাড়া মৌজায় খাস খতিয়ানের জমি বিক্রি ও বনভূমির গাছ কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা বন বিভাগ কর্তৃপক্ষ বারেক নামের এক ব্যক্তিকে লিজ দেওয়া খাস জমির শাল প্লটের গাছ কেটে ও জমি বিক্রি করে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এমনকি ১০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে অবৈধভাবে জমি হস্তান্তর করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বারেক ও তার স্ত্রী মরিয়ম এই অবৈধ কার্যকলাপের মূলহোতা। তারা ছোট ছোট প্লটে জমি ভাগ করে কখনো স্ট্যাম্পে স্বাক্ষর করে, কখনো মৌখিকভাবে অন্যদের কাছে বিক্রি করছে। এছাড়াও বারেকের ভাই রফিক ওই জমিতে গৃহ তৈরি করে অবৈধ মদের ব্যবসা চালাচ্ছে।
এ বিষয়ে বন বিভাগের বারইপাড়া বিট কর্মকর্তা জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
