শিক্ষাবিদ, সাংবাদিক, শিশু-সংগঠক, লেখক, বহুমাত্রিক চিন্তার ধারক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিষ্ঠিত ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে আজ (মঙ্গলবার) সকালে কচি-কাঁচা একাডেমির সাযযাদ কাদির মঞ্চে এক আলোচনাসভা, দোয়া মাহফিল,বৃক্ষরোপণ এবং আন্তঃস্কুল ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।কবর জিয়ারত ও প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শুরু হয় আন্তঃস্কুল ক্বেরাত প্রতিযোগিতা।ক্বেরাত প্রতিযোগিতায় গাজীপুর সদর উপজেলার বিভিন্ন স্কুলের মোট ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রাক্তন কচি-কাঁচা এমদাদুল হক রাসেল এর সভাপতিত্বে এবং ইকবাল সিদ্দিকী কলেজের প্রভাষক আতিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্মৃতিচারণ করেন প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকী, সহকারী শিক্ষক সুশান্ত কুমার সরকার, দশম শ্রেণির শিক্ষার্থী জেরিন তাসনিম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৃষ্টি সিদ্দিকী ।এ সময় সুদূর লন্ডন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর একমাত্র সন্তান এবং ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রধান নির্বাহী মাটি সিদ্দিকী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ভালো মানুষ হতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্যারের আদর্শকে ধারণ করে সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’
আলোচনাসভা শেষে আন্তঃস্কুল ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক, খ এবং গ- গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠান সভাপতি এমদাদুল হক রাসেল। ক গ্রুপে তৃতীয় হয়েছে হিলফুল এডুকেশন একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আফরোজা আক্তার, দ্বিতীয় হয়েছে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেরাজুল ইসলাম এবং প্রথম হয়েছে নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. মাহিম হোসেন।
খ-গ্রুপে তৃতীয় হয়েছে হিলফুল এডুকেশন একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ মুহিত, দ্বিতীয় হয়েছে শাহিন ক্যাডেট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. আজীমুজ্জামান খান এবং প্রথম হয়েছে মেধাবিকাশ স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা।
গ-গ্রুপে তৃতীয় হয়েছে মেধাবিকাশ স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ, দ্বিতীয় হয়েছে একই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ইসি এবং প্রথম হয়েছে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তাসাউল ইসলাম রবিন। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। একটি বকুল এবং একটি নিমের চারা গাছ রোপণ করেন সোসাইটি সদস্য সচিব হায়দার সিদ্দিকী উদয় এবং প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকী।
এছাড়া সকাল বেলা ‘চিরঞ্জীব’ নামে একটি বিশেষ দেওয়াল পত্রিকা উন্মোচন করে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম ভর্তিকৃত নার্সারি শ্রেণির শিক্ষার্থী মো.তারিকুল ইসলাম জীম ।
দ্বিতীয় অধিবেশনে পরিবারের পক্ষ থেকে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সুদূর লন্ডন থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রায়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর একমাত্র সন্তান এবং ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি’র প্রধান নির্বাহী মাটি সিদ্দিকী। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আফজালুল হক এবং জনাব মাহমুদ। বাদ মাগরিব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীসহ মোট ৫৫০ জনের জন্য ইফতারের আয়োজন করা হয়।
