গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ সমর্থিত ২৫ জন শিক্ষকের নামে মামলার প্রতিবাদে মহাসড়কে মানববন্ধন করেছে বিএনপির একাংশের শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শিক্ষকদের বিরুদ্ধে করা মামলাগুলোকে ‘হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব মামলা তুলে না নিলে কঠোর কর্মসূচিতে যাবেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হান্নান সজল। তিনি বলেন, “শিক্ষকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের সরকারবিরোধী আন্দোলনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হয়। এসব মামলায় ২৫ জন শিক্ষকের নামও রয়েছে, যাদের অধিকাংশই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে রয়েছেন শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাসান, রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসকর, মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার তালুকদার, তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর মানিকসহ আরও অনেকে।
এদিকে, বিএনপির একটি অংশের এই মানববন্ধন নিয়ে দলের ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের যারা পুনর্বাসন করতে চায়, তারা বিএনপির লোক হতে পারে না। বিষয়টি তদন্ত করে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
