গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় জমি বিক্রি করতে চাওয়ায় এক নারীকে প্রাণনাশের হুমকি ও জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মোছাঃ শাহানাজ আক্তার।
ভুক্তভোগী জানান, তিনি ক্রয়কৃত ওই জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে নিজ দখলে রেখে ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি জমিটি বিক্রি করতে গেলে প্রতিবেশী কাইয়ুম তাকে বাধা দেন এবং টিনসেড দিয়ে বেড়া দিয়ে জমি জবরদখল করেন।
আজ শনিবার (৫ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, কাইয়ুম ওই জমিতে টিনসেডের বেড়া স্থাপন করে রেখেছেন।
শাহানাজ বলেন, “আমি বৈধভাবে জমি কিনেছি। এখন বিক্রি করতে গেলে কাইয়ুম বাধা দিচ্ছে, এমনকি হুমকিও দিচ্ছে। সে জোরপূর্বক টিনসেড বসিয়ে জমি দখল করে রেখেছে। আমি সুষ্ঠু বিচার চাই।”
জমি ক্রয়ের সময় এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি শাহানাজের সঙ্গে ছিলাম যখন তিনি জমি কিনেছিলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই জমির মালিক শাহানাজ। কাইয়ুম জোর করে জমি দখল করে রেখেছে।”
এ বিষয়ে অভিযুক্ত কাইয়ুম বলেন, “আমি কারও জমি জবরদখল করিনি। কাগজপত্র দেখে যদি প্রমাণ হয় জমিটি তার, তাহলে সে নিতে পারবে। আমি সঠিক তদন্ত ও বিচার চাই।”
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
