টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানকালে মারা গেলেন সহকারী শিক্ষক মোছা. রিনা আক্তার (৩৮) । বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তিনি স্ট্রোক করে মারা যান বলে জানা গেছে। রিনা আক্তার উপজেলার একই ইউনিয়নের শুশুরা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, রিনা আক্তার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছিলেন। এসময় হঠাৎ চেয়ার থেকে মেঝেতে পড়ে অসুস্থ হয়। পরে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থীরা ও সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার সহকর্মী ও স্বজনরা তাকে বাসায় নিয়ে যান।
