ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী নিহত

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৪ ৮:৩৮ পূর্বাহ্ণ
link Copied

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। নিহত চারজনই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মী।

শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) ৷ নিহতরা সবাই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের সময় জৈন্তাপুর থেকে প্রাইভেটকার নিয়ে জাফলংয়ে যাচ্ছিলেন উপজেলা ছাত্রলীগের ৪ কর্মী। ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়।

দুর্ঘটনার বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, নিহতরা সবাই তামাবিল স্থলবন্দরে যাচ্ছিলেন। ৪নং বাংলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদীতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠান। সিলেটে নিয়ে যাওয়ার পথে আরও দুইজন মারা যান।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।