বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা বা র্যালির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়েছিল দলটির ছাত্র সংগঠন ছাত্রদল। তবে তাতে অনুমতি মেলেনি আইনশৃঙ্খলা বাহিনীর।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরের এই কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
জানা যায়, গত ১৭ জানুয়ারি র্যালির অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর আবেদন করে ছাত্রদল। দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত র্যালির অনুমতি চাওয়া হয়।
এ বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান জানান, জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের পক্ষ থেকে রাজধানীতে র্যালির আয়োজন করা হয়েছিল। এজন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে।
ছাত্রদলের এই নেতা বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে অনুমতি না দেওয়া অত্যন্ত ন্যাক্করজনক। ছাত্রদলের র্যালিতে অনুমতি না দিয়ে পুলিশ যে দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেটার সর্বশেষ নজির স্থাপন করেছে।
তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা চলছে।
এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানান, নয়াপল্টন থেকে শোভাযাত্রা করতে পুলিশের অনুমতি না মেলায় ছাত্রদল নেতাদের স্ব স্ব ইউনিটে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে দুপুরের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান চোখে পড়ে। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।
