যৌতুকের টাকা না পাওয়ায় ৪০ জন বরযাত্রী নিয়ে খাওয়া-দাওয়া শেষে বিয়ের আসর থেকে চলে গেলেন বর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ের বর ছিলেন উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে মো. হাসেন মিয়া (২৫)।
এ ঘটনায় শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী কনের বাবা বাদী হয়ে বর ও বরের বাবাসহ তিনজনকে অভিযুক্ত করে কলমাকান্দা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে, এ বিয়ে উপলক্ষে দুই লাখ টাকা খাওয়া-দাওয়া ও ডেকোরেশন বাবদ খরচ হয় বলে উল্লেখ করেন কনের বাবা।
জানা যায়, এক সপ্তাহ আগে বামনগাঁও গ্রামের মো. হাসেন মিয়ার বিয়ে ঠিক হয় রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের এক তরুণীর সঙ্গে। বিয়ে ঠিক হওয়ার সময় কনের বাবা বিয়ের খরচ বাবদ বরের পরিবারকে ৪০ হাজার টাকা দেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো বর তার আত্মীয়-স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে আসেন। খাওয়া-দাওয়া শেষে বিয়ের কাজ শুরু হলে বরের পক্ষ থেকে আরও ৭০ হাজার টাকা যৌতুক দাবি করা হয়। কনের পরিবার যৌতুকের টাকা দিতে রাজি না হলে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান।
এ বিষয়ে, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে অভিযোগে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
